প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,আমরা শাসক হতে ক্ষমতায় আসিনি, সেবক হতে এসেছি। ৯৬-২০০১ সাল পর্যন্ত সমাজ সেবায় নজর দেওয়া হতো। তারপর আবার ক্ষমতায় আসতে পারিনি। ক্ষমতায় এসে আবার শুরু করি এসব কার্যক্রম।
আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় সমাজ সেবা দিবসের উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
এসময় তিনি আরো বলেন, যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি। সেই দেশের উন্নয়ন আমরা করতে চাই। এই উন্নয়ন সবার জন্য। সবাই যাতে সমান সুযোগ পায় সে লক্ষ্যে কাজ করছে সরকার।
বক্তৃতায় সরকারগৃহীত নানান উন্নয়ন কার্যক্রমের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। জানান, আমরা বাবা-মা সুরক্ষা আইন করে দিয়েছি। যে বাবা মা কষ্ট করে লালন পালন করে, সন্তান স্বচ্ছল হয়ে গেলে, বাবা-মাকে আর দেখেনা। সেজন্য আইন করে দিয়েছি।
প্রবীনদের যেন অবহেলা করতে না পারে সেজন্য জাতীয় প্রবীন নীতিমালা ২০১৩ করে দিয়েছি। তৃতীয় লিঙ্গের মানুষদের স্বীকৃতি দিয়েছি। তাদের বেতন ভাতা দিয়েছি। তাদের দক্ষতা আছে, ট্রেনিং দিয়ে তাদের কাজে লাগাচ্ছি। বিধবা ভাতা ও বয়স্ক ভাতা যাতে সুষ্ঠুভাবে চলে সেদিকে দৃষ্টি দিয়েছি।
তবে কেউ যেন ভাতার উপর নির্ভরশীল হয়ে না পড়ে সেকথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা চাই কেউ যেন ভাতার উপরে নির্ভরশীল না হয়।
যার যে ক্ষমতা আছে সেটা যেন কাজে লাগায়, সেটা দেশের উন্নয়নেও কাজে লাগে। কিছু সুশীল সমাজ আছে তারা প্র্যাকটিকাল চিন্তা করে না হাইপোথেটিকাল চিন্তা করে।
তারা সব কিছুতেই ভুল ধরে। তারা বলে, যে টাকা ভাতা দেওয়া হয়, তাতে কি সংসার চলে? সবার সংসার চালানোর দায়িত্ব সরকারের না। সবাই যার যার দায়িত্ব পালন করবে।
শুধু কেউ যেন ক্ষুধার্ত বা অভুক্ত না থাকে সেটা আমরা করতে পারি। সবাইকে যার যার কাজ করতে হবে। কাজ করে নিজের খাবার অর্জন করতে হবে। তাহলে দেশের উন্নয়ন হবে।
এএস





