রাজধানীর মিরপুরের পল্লবীতে মায়ের মৃত্যু সহ্য করতে না পেরে সপ্তম শ্রেণির এক ছাত্র গলায ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহতের নাম ইব্রাহীম খলিল উল্লাহ (১৬)। সে ভোলা জেলার সদর থানার বাসিন্দা ফজলুর রহমানের ছেলে।
রোববার ভোরে ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হয়েছে।
পল্লবী থানার এসআই মহেশ চন্দ্র জানান, শনিবার রাত ১টার সময় পল্লবীর ড্রেনের বস্তি এলাকার রোড-২৭, সেকশন-১০, ব্লক-বি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে রোববার ভোরে ময়না তদন্তের জন্য লাশ ঢামেকে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, পরিবারের কাছ থেকে জানতে পেরেছি ছেলেটি গলা ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
নিহতের চাচা জাকির হোসেন জানান, ইব্রাহীম পল্লবীর উদয়ন স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র। গত ৬/৭ মাস আগে তার মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। মায়ের মৃত্যুর পর সে সবসময় মায়ের কাছে যাব বলে কান্নাকাটি করতো। এ কারণে হয়তো সে গলায ফাঁস দিয়ে থাকতে পারে।
ঢাকা,২৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ





