নারায়ণগঞ্জের রূপগঞ্জে আনোয়ার হোসেন (৫৫) নামে আওয়ামী লীগের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার বিরাব এলাকায় এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, গতকাল দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বিরাব এলাকায় দুর্বৃত্তরা আনোয়ার হোসেনকে কুপিয়ে হত্যা করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে।

ওসির ভাষ্য, নিহত আনোয়ার হোসেন উপজেলার তাড়াইল এলাকার নজিম উদ্দিনের ছেলে। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। ওসি জানান, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এএইচ