সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ (এইচএম) এরশাদের রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে বিজয়ী হয়েছেন রাহগীর আল মাহি সাদ এরশাদ। তিনি জাতীয় পার্টির প্রার্থী এবং এরশাদের ছেলে।
শনিবার (০৫ অক্টোবর) সন্ধ্যার পর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা সাহতাব উদ্দিন নির্বাচনের ফল ঘোষণা করেন।
সকাল ৯টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকাল ৫টা পর্যন্ত। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এই ভোটগ্রহণ হয়।
নির্বাচন কমিশন আয়োজিত ফলাফল কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ১৭৫টি আসনে মহাজোট মনোনীত সাদ এরশাদ লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৫৮ হাজার ৮৭৮ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী রিটা রহমান (ধানের শীষ) পেয়েছেন ১৬ হাজার ৯৪৭ ভোট ও জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী এরশাদের ভাতিজা আসিফ শাহরিয়ার (মোটরগাড়ি) পেয়েছেন ১৪ হাজার ৯৮৪ ভোট।
এছাড়াও কাজী মো. শহীদুল্লাহ (মাছ) ১ হাজার ৬৬২, তৌহিদুর রহমান মণ্ডল (দেয়াল ঘড়ি) ৯২৪, শফিউল আলম (আম) ৬১১ ভোট পেয়েছেন।
প্রায় সাড়ে ৪ লাখ ভোটারের এ আসনে ভোট নেয়া হয় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। এ নির্বাচনে শতকরা ২১.৩১ শতাংশ ভোট পড়েছে।
চলতি বছরের ১৪ জুলাই এইচএম এরশাদের মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা হলে নির্বাচন কমিশন উপ-নির্বাচনের উদ্যোগ নেয়।
সদর উপজেলা এবং রংপুর সিটি করপোরেশনের ৯ থেকে ৩৩ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত রংপুর-৩ আসনে মোট ভোটার ৪ লাখ ৪২ হাজার ৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২১ হাজার ৩১০ জন ও নারী ভোটার ২ লাখ ২০ হাজার ৭৬২ জন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো নির্বাচনী এলাকায় ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। সেই সাথে মাঠে রয়েছে র্যাবের ২০ ইউনিট ও তিন হাজার পুলিশ-আনসার সদস্য।
এমবি





