দেশের সব জেলাতেই হবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অফিস। বর্তমানে ২২ জেলায় ‘দুদকের সমন্বিত জেলা কার্যালয়’ রয়েছে। এ নাম বাদ দিয়ে দেশের ৬৪ জেলাতেই হবে ‘দুদক জেলা কার্যালয়’।

এর মধ্যে ঢাকা ও চট্টগ্রামে দু’টি জেলা কার্যালয় হবে। ৬৪ জেলায় জেলা কার্যালয়সহ দেশব্যাপী দুদকের জেলা কার্যালয় হবে মোট ৬৬টি।

রোববার কমিশনের সভায় এমনই সিদ্ধান্ত হয়েছে। সভায় উপস্থিত একাধিক সদস্য এসব সিদ্ধান্তের বিষয়ে নিশ্চিত করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে দুদক কমিশনার (তদন্ত) মো. সাহাবুদ্দিন চুপ্পু রোববার বিকেলে বলেন, সভায় দুদকের সাংগঠনিক কাঠামোসহ গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দুদককে শক্তিশালী করতেই উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি জানান।

সূত্র জানায়, সভায় দুদক মহাপরিচালকের (ডিজি) পদ আরও ২টি বাড়িয়ে ৮টি করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বর্তমানে দুদকের ডিজি পদে রয়েছেন ছয় জন।

সেই সঙ্গে দুদকের পরিচালক পদ ১৯টি থেকে করা হবে ২৬টি। বাতিল করা হবে দুদকের অনিষ্পন্ন শাখা। নতুনভাবে দুদকে খোলা হবে মানি লন্ডারিং উইং।

এসব সিদ্ধান্ত ছাড়াও এদিন আরও যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে তার মধ্যে রয়েছে, দুদকের প্রধান কার্য্যালয়ে নতুনভাবে জিজ্ঞাসাবাদ কক্ষ করা হবে। বর্তমানে দুদকের বিভিন্ন কক্ষে কর্মকর্তারা অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছেন।

নতুন জিজ্ঞাসাবাদ কক্ষ সিসি ক্যামরার আওতায় আনা হবে। এর মাধ্যমে কর্মকর্তারা যেসব অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করবেন তা ধারণ থাকবে।

সূত্র আরও জানায়, বর্তমানে দুদকে দুর্নীতি দমন ব্যুরো আমলের অনেক মামলা ঝুলে রয়েছে। এসব মামলার কার্য্যক্রম দ্রুত সম্পন্ন করা বিষয়ে সভায় সিদ্ধান্ত হয়েছে।

এসএইচ