সিলেটের ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমানের মৃত্যুর ঘটনায় এ পর্যন্ত ৪৫ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার রাতে ওসমানীনগর থানার এসআই আনোয়ার বাদী হয়ে ১০০ জনের নাম উল্লেখ করে মোট ৭০০ জনকে আসামি করে এ মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, ময়নাতদন্ত শেষে বুধবার রাত ৮টায় সিলেট পুলিশ লাইনস মাঠে ওই পুলিশ কর্মকর্তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় এবং রাত সাড়ে ৯টায় ওসমানীনগর থানা চত্বরে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
খবর পেয়ে স্ত্রী ঢাকা থেকে এবং তার ভাইয়েরা কুমিল্লা থেকে সিলেটে এসে মোস্তাফিজের লাশের সঙ্গে কুমিল্লায় যান। তার যমজ দুটি মেয়ে রয়েছে। তারা ভিকারুননিসা নূন স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ে।
জানা গেছে, মোস্তাফিজুর রহমানের গ্রামের বাড়ি কুমিল্লা সদর উপজেলার মোগলিটুলা গ্রামে। তিনি এক মাস আগে ওসমানীনগর থানার ওসি হিসেবে যোগ দেন। এর আগে তিনি পাঁচ মাস বিয়ানীবাজার থানায় (ওসি-তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, বুধবার দুপুরে ওসমানীনগরের গোয়ালাবাজারে নতুন দুটি অটোরিকশা স্ট্যান্ড স্থাপন নিয়ে দুই দল শ্রমিকের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষ থামাতে গিয়ে ওসি মোস্তাফিজুর রহমান আকস্মিক অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যান। বিকেল পৌনে ৪টার দিকে তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইআর





