গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলায় মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, ইটালি ও ভারতের নাগরিক নিহত হওয়ার ঘটনায় শোক ও সমবেদনা জানিয়ে চার রাষ্ট্রপ্রধানকে চিঠি দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

সোমবার বিকেলে ঢাকায় অবস্থিত দেশগুলোর দূতাবাস ও হাই কমিশনের মাধ্যমে এ চিঠিগুলো পাঠানো হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইতালির প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে।

চিঠিতে প্রত্যেক দেশের নাগরিক হত্যার ঘটনায় সমবেদনা জানানো হয়েছে। পাশাপাশি বাংলাদেশের পাশে থাকতেও অনুরোধ করা হয়েছে।

শুক্রবারের ঘটনার পর কয়েকটি বিদেশি রাষ্ট্র সহযোগিতার আহ্বান জানালে খালেদা জিয়া তাদের প্রশংসা করেন। আগামী দিনেও বাংলাদেশে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে চিঠিতে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

এমআইএস