যশোরে তিন নারী মাদক ব্যবসায়ীকে দুই বছর করে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেলে যশোরের স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক নিতাই চন্দ্র সাহা এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- যশোর শহরের চাঁচড়া চোরমারা দিঘিরপাড় এলাকার মৃত আব্দুল সালামের স্ত্রী শাহানা বেগম, ডালমিল এলাকার শরিফুল ইসলামের স্ত্রী মীরা বেগম ও এনামুলের স্ত্রী বিউটি বেগম।
আদালত সূত্র জানায়, ২০০৯ সালের ৭ অক্টোবর শহরের আরবপুর এলাকা থেকে ৩০ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করে পুলিশ। পরে তিন জনের নামে মাদক চোরাচালান দমন আইনে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।
সেই মামলার সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাদের দুই বছর করে সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন মাস করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
যশোর আদালত পুলিশের ইন্সপেক্টর রেজাউল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এমই





