দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপের জন্য বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের আওয়ামী লীগের দুই নেতাকে সাময়িক ভাবে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলা আওয়ামী লীগের এক সভায় তাদেরকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
বহিষ্কৃত এ দুই নেতা হলেন- সদর উপজেলা রায়পাশা কড়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম টিপু ও ওয়ার্ড কমিটির সভাপতি আনোয়ার হোসেন আয়নাল মেম্বর।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনিরুল ইসলাম ছবি সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে যদিও উল্লেখ করা হয়, দলিয় শৃখলা ভঙ্গ ও দলের গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপের জন্য ইউনিয়নের এ দুই নেতাকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার কালে সদর উপজেলার এই দুই নেতা মাইকে যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাঈদীর মাহফিল প্রচার করার অভিযোগ ওঠে। তাৎক্ষণিক ভাবে তা বন্ধ করলেও এ নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগসহ সদর উপজেলা আ’লীগের নেতাদের মধ্যে তোলপাড় শুরু হয়। নেতাকর্মীরা তখন থেকেই দল থেকে এ দুই নেতাকে বহিষ্কারের দাবি জানায়। এ অবস্থায় সদর উপজেলা আওয়ামী লীগের নেতারা এ বিষয়ে তদন্ত করতে থাকেন।
এ ব্যাপারে বহিষ্কৃত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম টিপু ১৫ আগস্টে সাঈদীর মাহফিল মাইকে প্রচার করার বিষয়টি অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে স্থানীয় একটি গ্রুপ ষড়যন্ত্র চালাচ্ছে। এর সঙ্গে ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন আয়নাল মেম্বর জড়িত রয়েছেন বলে জানান।
ঢাকা, ২৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেইউ