কানাডার বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক শিক্ষার্থী ঢাকায় এসে নিখোঁজ হয়েছেন। শনিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে বের হয়ে তিনি আর বাড়ি ফিরেননি বলে অভিযোগ করেছে তার পরিবার।

এ বিষয়ে রোববার ধানমণ্ডি থানায় শিক্ষার্থীর পরিবার একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে নিখোঁজ হওয়া ওই শিক্ষার্থীর নাম ইশরাক আহম্মেদ (২০)।

নিখোঁজ ইশরাকের বাবা জামাল উদ্দিন আহম্মেদ ধানমন্ডি থানায় দায়ের করা জিডিতে বলেছেন, “২৬ আগস্ট ২০১৭ ইং তারিখে সন্ধ্যা ৮টা ৩০ মিনিটে আমার ছেলে ইশরাক আমার স্ত্রীর মোবাইলে কল করে জানায় যে, সে তার বন্ধুদের নিয়ে স্টারকাবাব রেস্টুরেন্টে এ খাওয়া-দাওয়া করে ফিরবে। কিন্তু রাত পর্যন্ত সে বাসায় ফেরেনি। তার পাসপোর্ট নম্বর এএফ ৪৭৩২৯৫৭। তার গায়ের রং উজ্জ্বল শ্যামলা। উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি। পরনে ছিল জিন্সের প্যান্ট ও নীল রঙের শার্ট। মাথার চুল কালো রংয়ের।”

ধানমণ্ডি থানার ওসি আবদুল লতিফ জানান, তথ্যপ্রযুক্তি ও মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে ইশরাকের খোঁজ চলছে। তবে এখনো তার খোঁজ মেলেনি।এ বিষয়ে তার পরিবার, আত্মীয় ও বন্ধুদের জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান তিনি।

ইশরাক ঢাকার ম্যাপল লিফ স্কুল থেকে এ লেভেল পাস করেন। গত বছর কানাডার মন্ট্রিয়ল শহরের ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি। চলতি বছরের জুন মাসে ছুটিতে বাড়ি আসেন। ঈদের পরের দিন ৩ সেপ্টেম্বর তার কানাডায় ফিরে যাওয়ার কথা রয়েছে।

এমবি