গাইবান্ধা জেলার একমাত্র ভারিশিল্প কারখানা গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের রংপুর চিনিকলের নিজস্ব খামারসহ ৮টি সাবজোন এলাকায় গতকাল মঙ্গলবার ২০১৫ আখ রোপণ মৌসুমের আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে।

দেশের সকল চিনিকলের সাথে একযোগে এ কর্মসূচী অনুষ্ঠিত হলেও এবার রংপুর চিনিকল তাদের নিজস্ব খামারের লিজপ্রথা বাতিল করে চিনিকলের ব্যবস্থাপনায় আখ রোপণ শুরু করায় নতুন মাত্রা যোগ করেছে।

চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল খালেক ও বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থার প্রধান কার্যালয় থেকে প্রেরিত টাস্কফোর্সের সদস্য সাইফুল ইসলামের নেতৃত্বে দিনব্যাপী সকল সাবজোন এলাকায় দোয়া-খায়েরের মাধ্যমে রোপা পদ্ধতিতে বীজ রোপণের উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে গতকাল দুপুরে গোবিন্দগঞ্জের চাপড়িগঞ্জ ইক্ষু ক্রয়কেন্দ্র মাঠে এক আখচাষী সমাবেশ কামারদহ ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম রতনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে আখচাষের নানা সমস্যা, সম্ভাবনা এবং সমস্যা থেকে উত্তরণের বিষয়ে খোলামেলা আলোচনা করেন, চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল খালেক, মহাব্যবস্থাপক (কৃষি) আবু তাহের ভুইয়া, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থার প্রধান কার্যালয় থেকে প্রেরিত টাস্কফোর্সের সদস্য সাইফুল ইসলাম, রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আ. মতিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান দুলাল, আখচাষী সমিতির সভাপতি জিন্নাত আলী প্রধান, সহ-সম্পাদক আ. রশিদ ধলু, আখচাষী সুভাস চন্দ্র সরকার, তাজুল ইসলাম প্রমুখ।

এসএইচ