বি:বাড়িয়ার কসবায় পুলিশের সাথে 'বন্দুকযুদ্ধে' এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম লোকমান হোসেন (৪০)।
আজ শনিবার ভোরে উপজেলার কুটি ইউনিয়নের মাইজখার গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত লোকমান একই গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
পুলিশেরে দাবি, লোকমান আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ছিলেন। তার বিরুদ্ধে কসবা থানায় ডাকাতির অভিযোগে পাঁচটি মামলা রয়েছে।
এ ঘটনায় পুলিশের পাঁচ সদস্যও আহত হয়েছেন। তারা হলেন কসবা থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ ফারুক, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহেল শিকদার, কনস্টেবল রাজিব, রহিম ও সিদ্দিক। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিউদ্দিন সাংবাদিকদের জানান, শনিবার ভোরে একদল সশস্ত্র ডাকাত কুমিল্লা-সিলেট মহাসড়কের মীরপুকুর এলাকায় গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল- এমন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে ডাকাত দলের সদস্য লোকমান নিহত হন। এ সময় পুলিশের পাঁচ সদস্যও আহত হন।
এছাড়া পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান, তিন রাউন্ড গুলি ও চারটি চাপাতি উদ্ধার করেছে বলেও জানান তিনি।
এমই





