বরিশাল-৫ আসনের উপনির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য বিচার বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে নির্বাচনী তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বুধবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ মোশাররফ হোসাইন স্বাক্ষরিত একটি চিঠি সচিবালয়ের আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে ইসির সংশ্লিষ্ট সূত্র জানায়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, রিপ্রেজেনটেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২ (পি.ও. নং ১৫৫ অব ১৯৭২) এর ৯১ অনুযায়ী, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে বিচার বিভাগীয় কমকর্তাদের সমন্বয়ে নির্বাচনী তদন্ত কমিটি গঠন করা প্রয়োজন। তাই নির্বাচন পূর্ব অনিয়ম নিয়ন্ত্রণের নিমিত্তে একজন যুগ্ম-জেলা জজ, একজন সিনিয়র জজ অথবা সহকারী জজের সমন্বয়ে নির্বাচনী তদন্ত কমিটি গঠনের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে।
চিঠিতে আরো উল্লেখ করা হয়, সুপ্রিমকোর্টের (হাইকোর্ট বিভাগের)সাথে পরামর্শক্রমে উপরোক্ত পদ মর্যাদার ২ জন বিচার বিভাগীয় কর্মকর্তার নাম শিগগিরই নির্বাচন কমিশন সচিবালয়ে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
এদিকে বরিশাল-৫ উপনির্বাচনে সকল প্রকার অনিয়ম রোধে ৬ জন ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দু'জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এর ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের মধ্যে একজন মনোয়ন প্রত্যাহারের শেষ দিন থেকে ২১ মে পর্যন্ত নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবে। আর বাকিরা ১০ জুন (নির্বাচনের আগের ২ দিন) এবং ভোট গ্রহণের দিন (১২ জুন) ও ভোটগ্রহণের পর দিন (১৩জুন) বরিশাল -৫ আসনে থাকবেন।
এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ মোশাররফ হোসাইন বলেন, বরিশাল-৫ আসনের উপনির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন বিচার বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে নির্বাচনী তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে সহযোগিতার জন্য একটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ৯ এপ্রিল বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র শওকত হোসেন হিরণ মারা গেলে বরিশার-৫ আসনটি শূন্য হয়। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ১১ মে। বাছাই করা হবে ১৪ মে আর প্রত্যাহারের শেষ সময় ২১ মে।
[b]ঢাকা, এএম, ৭ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]





