সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর বিষয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই বলে সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার বিকেলে জাতীয় সংসদের অষ্টম অধিবেশনে সরকারদলীয় সদস্য নুরুল ইসলাম ওমরের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।
তিনি বলেন, ইতিমধ্যে সরকার মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠীর এবং প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছরে উন্নীত করেছে। বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা যা ছিল তাই থাকবে।
আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ঢাকা শহরের চাপ কমাতে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) মাধ্যমে নাগরিক সুবিধাসহ তিনটি স্যাটালাইট শহর তৈরির জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) প্রণয়ন করা হয়েছে। প্রকল্প তিনটি হলো- মুন্সীগঞ্জ জেলার ইছামতি-সিরাজদিখান স্যাটালাইট টাউন উন্নয়ন প্রকল্প, ঢাকা জেলার ধামরাইয়ে বংশী–ধামরাই স্যাটালাইট টাউন উন্নয়ন প্রকল্প ও মানিকগঞ্জ জেলায় ধলেশ্বরী–সিংগাইর স্যাটালাইট টাউন উন্নয়ন প্রকল্প।
তিনি আরো জানান, তাছাড়া ঢাকা মহানগরীর পাশের কামরাঙ্গীচরকে পরিকল্পিতভাবে উন্নয়নের জন্য রাজউক কর্তৃক একটি মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে একটি স্যাটেলাইট শহর বাস্তবায়নের জন্য প্রাথমিকভাবে সাইট সিলেকশন করা হয়েছে এবং ডিপিপি প্রণয়নের কাজ চলামন রয়েছে।
এমআর





