২০ দলীয় জোটের দেশব্যাপী ডাকা হরতালের দ্বিতীয় দিনে রাজধানীতে মিছিল করেছে হরতাল সমর্থকরা। এছাড়াও বাসে পেট্রোল বোমা ছোড়া,অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দূর্বৃত্তরা।

 রাজধানীর বিভিন্ন স্থানের হরতাল চিত্র তুলে ধরা হলো-

গুলশানে বাসে আগুন: রাজধানীর গুলশান-১ নম্বর ডেসকো অফিসের সামনে বিহঙ্গ পরিবহনের যাত্রীবাহী একটি বাসে (ঢাকা মেট্রো ব ১১-৭২১০) আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সর্ভিসের ডিউটি অফিসার নিলুফার ইয়াসমিন।
তিনি বলেন, আগুনের খবর শুনে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে দুটি ইউনিট পাঠানো হয়েছে।
হাজীপাড়ায় ককটেল বিস্ফোরণ: রাজধানীর রামপুরা-মালিবাগ সড়কের হাজীপাড়া পেট্রোল পাম্পের কাছে চারটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃীত্তরা।
সন্ধ্যা সাড়ে ৭টায় এ বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।

পুরান ঢাকায় ককটেল বিস্ফোরণ আহত ২: পুরান ঢাকার নবাবপুর এলাকায় সোমবার দুপুরে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে দুজন আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আহত দুই ব্যক্তি হলেন ব্যবসায়ী মোহাম্মদ আলী (২৫) ও তাঁর ব্যক্তিগত রিকশাচালক আবদুল মালেক (৩২)। তাঁরা দুজনই পুরান ঢাকার চকবাজার এলাকার জয়নব রোডে থাকেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-১-এর পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

দয়াগঞ্জ মোড়ে বাসে পেট্রোল বোমা: রাজধানীর দয়াগঞ্জ মোড়ে রাজধানী এক্সপ্রেস পরিবহণের একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা ছুঁড়ে মেরেছে দুর্বৃত্তরা। এতে বাসটিতে আগুন ধরে গেলেও যাত্রীরা নিরাপদে নেমে যেতে সক্ষম হয়।

সোমবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গেন্ডারিয়া থানার এসআই ওয়ায়েজ ফারুক জানান, বাসটি মোহাম্মদপুর থেকে পোস্তগোলার দিকে যাচ্ছিল। দয়াগঞ্জ মোড়ে আসতেই বাসটিতে দুই যুবক পেট্রোল বোমা ছুঁড়ে মেরে পালিয়ে যায়।

এ ঘটনায় কেউ হতাহত হয়নি। কাউকে আটক করাও সম্ভব হয়নি।

মৌচাক মার্কেটের সামনে জামায়াতে মিছিল: রাজধানীর মৌচাক মার্কেটের সামনের রাস্তায় মিছিল করেছে রমনা থানা জামায়াতে ইসলামীর কর্মীরা। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে তারা এ মিছিল করে।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন- থানা জামায়াতের সেক্রেটারি জিল্লুর রহমান, দফতর সম্পাদক ইউসুফ আলী মোল্লা, প্রচার ও আইটি সম্পাদক আতাউর রহমান সরকার, থানা শিবির সভাপতি মোস্তাফিজুর রহমান, কলেজ সভাপতি মুরাদ হোসেন, ছাত্রনেতা জামিল মাহমুদ, জামায়াত নেতা তরিকুল ইসলাম ও মোজাম্মেল হক প্রমুখ।

বাড্ডায় শিবির নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ: ক্রসফায়ারের নামে শিবির নেতা এমদাদুল্লাহকে বিচারবহির্ভূত হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর।

সোমবার সকাল ৯টায় মহানগরী উত্তর সভাপতি আনিসুর রহমান বিশ্বাসের নেতৃত্বে মিছিলটি বাড্ডার নতুন বাজারের আগ থেকে শুরু হয়ে নতুন বাজারের কাছে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

শাহবাগে ছাত্রদলের মিছিল: সারাদেশে ২০ দলীয় জোটের নেতা-কর্মীদের গুম, খুন-গ্রেফতারের প্রতিবাদে আহূত হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

আজ দুপুর দেড় টায় শাহবাগে মিছিল করে তারা। জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহবুব মাসুম শান্ত ও হাসানুল বান্নার নেতৃত্বে মিছিলটি শাহবাগ থেকে শুরু হয়।

এসময় মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক আমির আমজাদ মুন্না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা সর্দার আমিরুল ইসলাম সাগর, আজিম উদ্দিন মেরাজ, জিয়া হলের মোহসীন, মুজিব হলের সাইদুর, বাপ্পা, সূর্যসেন হলের শাহনেওয়াজ, বাবুল আকতার, রুমী, আরিফ, আলতাফ, আমিন, মাহফুজ, মোহসীন, সলিমুল্লাহ হলের হাবিবুল বাশার, এফ রহমান হলের মাহবুব রব্বানী জয়, জিত, জসীম উদ্দিন হলের মাসুদ, জহুরুল হক হলের নাদির শাহ, বেসরকারী বিশ্ববিদ্যালয়ের রাজ, ফয়সাল।

হরতালের সমর্থনে উত্তরায় মিছিল: হরতালের সমর্থনে রাজধানীর উত্তরায় মিছিল করেছে উত্তরা থানা জামায়াত।

সোমবার সন্ধ্যা ৬.৪৫ এর দিকে উত্তরা পূর্বথানার উত্তর পাশে দিল্লী পাবলিক স্কুলের সামনে মিছিলটি বের হয়।

এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে। মিছিলটির নেতৃত্বদেন উত্তরা পূর্বের শিবির সভাপতি শেখ হাসানুর রহমান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা জামায়াতের সেক্রেটারি মাহবুব উজ্জামান, সামিন উররাহমান, শরিফ হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করে নেতাকর্মীরা।

এমকে