হজযাত্রীদের ভিসা জটিলতা নিয়ে সমস্যা সৃষ্টিকারী কাউকে ক্ষমা করা হবে না এবং দ্রুতই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

হজযাত্রীদের ভিসা নিয়ে যে জটিলতার সৃষ্টি হয়েছে তার জন্য তিনি প্রধানত ভিসা এজেন্সি গুলোকে দায়ী করেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও তাগিদ দেন।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় সচিবালয়ের ধর্ম মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী এসব কথা বলেন। হজের বিভিন্ন বিষয় জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ধর্মমন্ত্রী বলেন, ‘বারবার তাগাদা দেওয়ার পরও হজ এজেন্সিগুলো সময়মতো পদক্ষেপ নেয়নি। হজযাত্রীদের নিয়ে যে সংকট তৈরি হয়েছে, তার জন্য হজ এজেন্সিগুলোই দায়ী।’

‘হজযাত্রীদের নিয়ে যে সংকট তৈরি হয়েছে, তা আমরা উদঘাটন করতে পেরেছি। দ্রুতই এ সংকটের সমাধান হবে। সৌদি দূতাবাসের সঙ্গে কথা হয়েছে। যে হজযাত্রীরা ভিসা পাননি, তাঁরা এখন ভিসা পাচ্ছেন।’

মন্ত্রী আরো বলেন, ‘আগামী কয়েক দিনের মধ্যেই সবার ভিসা হয়ে যাবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, প্রত্যেক হজযাত্রী হজ করতে যেতে পারবেন।’

সংবাদ সম্মেলনে ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাশেদ খান মেনন হজযাত্রীদের পরিবহন সংকট নিয়ে কথা বলেন। তিনি হজযাত্রীদের নিয়ে তৈরি হওয়ার সংকটের জন্য মোয়াল্লেম ফি বৃদ্ধিসহ কয়েকটি কারণের কথা উল্লেখ করেন।
জেড