শরীয়তপুর নড়িয়া পৌরসভায় সুষ্ঠু ভোট নিয়ে দুশ্চিন্তায় আছেন বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাংসদ ও সাকে ডিপুটি স্পিকার শওকত আলী।

বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে সাবেক এ ডেপুটি স্পিকার নিজ নির্বাচনী এলাকার পৌরসভায় ভোটের পরিবেশ নিয়ে অভিযোগ জানাতে এসেছিলেন।

তিনি প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে অভিযোগ দিতে এলেও সিইসি বৈঠকে থাকায় সাক্ষাৎ পাননি।

শওকত আলী জানান, শরীয়তপুরের নড়িয়া পৌরসভায় মোটরসাইকেল নিয়ে মহড়া দেয়া হচ্ছে। আচরণবিধি অহরহ লঙ্ঘিত হচ্ছে, অস্থির ও ত্রাসের অবস্থা সৃষ্টি হয়েছে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের একজন বিদ্রোহী প্রার্থীর পক্ষে এসব কাজ হচ্ছে। সব এলোমেলো হয়ে যাচ্ছে। নির্বাচন কীভাবে সুষ্ঠু হবে বুঝতে পারছি না। আমি সুষ্ঠু নির্বাচন নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত।’

শওকত বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য যা করা দরকার তা যেনো করা হয়। সিইসিকে
বলতে এসেছিলাম, তিনি বৈঠক নিয়ে ব্যস্ত। রিটার্নিং অফিসারকেও জানানো হবে। থানার ওসি ও এসপিকে জানিয়েছি।’

কিছু দুষ্কৃতিকারী এলাকার পরিবেশ নষ্ট করছে অভিযোগ করে তিনি বলেন, ‘আওয়ামী লীগের মেয়র প্রার্থী হায়দার আলী এসব বাড়াবাড়িতে পটু নন। সে নির্বাচন কমিশন ও প্রচলিত আইনের ওপর নির্ভর করছে। এজন্যে এখানে আসতে বাধ্য হলাম।’

শওকত আলী বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থীর ছেলে পাভেল প্রচারণায় গ্রামে গেলে তাকে ধাওয়া করছে বিদ্রোহী প্রার্থীর লোক। বিষয়গুলো কর্তৃপক্ষের দেখা উচিৎ। নির্বাচনী পরিবেশ নষ্ট হচ্ছে। ইসির ওপর আস্থা আছে বলেই দৌড়ে এসেছি।’

আগামী ৩০ ডিসেম্বর ২৩৪ পৌরসভায় ভোট হবে। বিএনপিও ইতোমধ্যে ইসির নিরপেক্ষতা নিয়ে সমালোচনা করে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেছে।

সুষ্ঠু পরিবেশ নিয়ে বিএনপির শঙ্কার সঙ্গে তার এ অভিযোগ এক নয় বলে মনে করেন শওকত আলী।

এ বিষয়ে তিনি বলেন, ‘বিএনপির সঙ্গে আমার অভিযোগের মিল নেই। তারা বেশি করে বলার চেষ্টা করছে। আমি শুধু একটি পৌরসভার কথা বলছি। সারাদেশের বিষয়ে আমি অবগত
না।’

এমএইচ