ঢাকার মহাখালী বাসস্ট্যান্ডে কিশোরগঞ্জের কাউন্টার বন্ধ করে দেয়ার প্রতিবাদে কিশোরগঞ্জ-ঢাকা রুটে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিয়েছে জেলা বাস মালিক সমিতি। সেই সঙ্গে ঢাকার কোনো বাস কিশোরগঞ্জে প্রবেশের ওপরও নিষেদ্ধাজ্ঞা আরোপ করা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে জেলা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে সমিতির সদস্যবৃন্দের এক জরুরি সভায় শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়।
কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন মানিক জানান, মহাখালী বাসস্ট্যান্ডে প্রায়ই সেখানকার মালিক ও শ্রমিকেরা কিশোরগঞ্জের বাস কাউন্টার বন্ধ, বুকিং না দেয়াসহ বিভিন্নভাবে হয়রানি করে থাকেন। কয়েকদিন ধরে এমন অবস্থার ফলে শুক্রবার থেকে বাস চলাচল বন্ধ করে দিতে তারা বাধ্য হয়েছেন। এর ফলে এ সড়কে চলাচলকারী যাত্রী সাধারণকে দুর্ভোগে পড়তে হয়েছে।
কয়েক মাস আগেও কিশোরগঞ্জের শ্রমিকদের মারপিট করাসহ বিভিন্ন কারণে বাস ধর্মঘটের ঘটনা ঘটেছে।
ঢাকা, ২০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





