ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের আজ শেষ দিন। ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করে দিন শুরু করেন মোদি। এরপর যান রামকৃষ্ণ মিশন পরিদর্শনে। এছাড়া আজ সারাদিনই কর্মব্যস্ত থাকবেন  মোদি।

মোদির দিনের বাকি কর্মসূচি গুলো নিচে দেয়া হল:

১০টা ১০মিনিটে রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশনের নতুন চ্যান্সারি কমপ্লেক্স উদ্বোধনে যোগ দেবেন মোদি। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। এরপর রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে মোদির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে বেলা ১২টা ৪০ মিনিটে। এরপর রাষ্ট্রপতির সঙ্গে বিশেষ মধ্যাহ্নভোজে যোগ দেবেন নরেন্দ্র মোদি।

দুপুরে খানিকটা বিশ্রামের পর বিকাল ৩টায় হোটেল সোনারগাঁওয়ের সুরমা হলে সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে মোদির বৈঠক অনুষ্ঠিত হবে। তারপর একে একে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ব্যবসায়ী নেতৃবৃন্দ হোটেল সোনারগাঁওয়ে এসে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন।

সন্ধ্যা ৬টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রয়েছে নরেন্দ্র মোদির বিশেষ বক্তৃতা। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টা ৫০ মিনিট পর্যন্ত এ কর্মসূচিতে অংশ নেওয়ার পরপরই তিনি নিজ দেশে ফেরার উদ্দেশে যাবেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

সেখানে রাত ৮টা ১০ মিনিটে ভিভিআইপি টারমাকে তাকে বিদায় জানাতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাত ৮টা ২০ মিনিটে ভারতীয় বিমান বাহিনীর বিশেষ প্লেনে করে ঢাকা ছাড়ার কথা রয়েছে নরেন্দ্র মোদির।

ইআর