মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রুস্তম আলী। ঘোড়া প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৫৫ হাজার ১৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহম্মেদ বিশ্বাস মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৯১ ভোট।

অপর প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু নাসির বাবলু আনারস প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৪৬৩ ভোট। জেলা যুবলীগের সভাপতি এনামুল হক হীরক পেয়েছেন ৫৩২ ভোট। মোট প্রাপ্ত ভোটের হার শতকরা ৩৯.৮২ শতাংশ।

রিটার্নিং অফিসার এডিসি সৈয়দ রবিউল ইসলাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মঙ্গলবার রাত সোয়া ৮টায় মোট ১০৫ টি কেন্দ্রের সব কটি কেন্দ্রে বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

১৩টি ইউনিয়ন এবং ১টি প্রথম শ্রেণির পৌরসভা নিয়ে মাগুরা সদর উপজেলা পরিষদের এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৫৭ হাজার ৯৯৯ জন। ভোটকেন্দ্র ১০৫টি।

উল্লেখ্য, মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা নাজিম উদ্দিন (৭০) গত ২২ এপ্রিল ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেলে এ পদটি শূন্য হয়।

কেএইচ