নারায়ণগঞ্জের ফতুল্লায় ভয়াবহ আগুনে মেস বাড়ির ৪২টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে।বৃহস্পতিবার দিনগত রাত ১টায় ফতুল্লার কায়েমপুর বিলাস নগর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, নুর মোহাম্মদ ও লাল মিয়া নামে দুই ভাই টিনের তৈরি কক্ষগুলো গার্মেন্টস শ্রমিকদের কাছে ভাড়া দিয়েছিলেন।

গার্মেন্টকর্মী জোনাকী জানান, রাত ১টার দিকে বাড়ির পাশের একটি ঝুটের গোডাউনে লাগা আগুন মেস বাড়িতে ছড়িয়ে পড়ে। এ সময় সবাই খালি হাতে ঘর থেকে বের হয়ে আসেন।

খবর পেয়ে শহরের হাজীগঞ্জ কিল্লারপুল ও মন্ডলপাড়া ফায়ারস্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা-ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই ওই দুটি ঘরের অন্তত ৪২টি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়।

আরেক ক্ষতিগ্রস্ত সাথী বেগম জানান, তার স্বামী বশির মাটি টানার কাজ করেন আর তিনি একটি ঝুটের গোডাউনে কাজ করেন। রাতের আগুন তার সব কেড়ে নিয়েছে। দুটি সন্তান ছাড়া তিনি কোনো কিছুই আনতে পারেননি।

বাড়ির মালিক নুর মোহাম্মদ জানান, দুটি লাইনে কাঠ ও টিনের তৈরি তার ১৮টি এবং বড় ভাই লাল মিয়ার ২৪টি ঘর রয়েছে।

আগুনে ২৫-৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক (ডিএডি) মমতাজউদ্দিন আহমেদ জানান, খবর পেয়ে আধা-ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এখন ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে।

এদিকে খবর পেয়ে নারায়ণগঞ্জ সদরের ইউএনও আফরোজা আকতার চৌধুরী ঘটনাস্থলে গিয়ে ক্ষয়ক্ষতি নিরূপণ ও ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তার আশ্বাস দিয়েছেন।

ওএফ