ব্রাহ্মণবাড়িয়া শহরের শিমরাইলকান্দি এলাকার এক বাড়ির আঙিনায় ককটেল বিস্ফোরিত হয়ে রাব্বি (৫) নামে এক শিশু মারাত্মক আহত হয়েছে।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে শিমরাইলকান্দি মহল্লার সাদেক মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

রাব্বিকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। সে ওই এলাকার বাসিন্দা ইজিবাইক চালক আব্দুল লতিফের ছেলে।

আহত শিশুর বাবা আব্দুল লতিফ জানান, বিকেলে বাড়ির আঙিনায় একা খেলা করছিল রাব্বি। হঠাৎ বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হলে সে মারাত্মক আহত হয়।

দ্রুত তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগে নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইশতিয়াক আহমেদ জানান, খবর পেয়ে ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। তবে ককটেলটি ওই বাড়িতে কিভাবে বিস্ফোরিত হলো তা জানা যায়নি।

এমবি