বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মোহাম্মদপুর থানার সাবেক আমির ও মহানগরী শাখার রুকন মাওলানা রফিক আহমদ করোনায় আক্রান্ত হয়ে আজ দুপুর সাড়ে ১২ টায় গুলশানের শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তার বয়স হয়েছিল ৬৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ী লক্ষ্মীপুর জেলার সদর উপজেলায়।

বুধবার (২৪ জুন) বিকাল ৬টায় শ্যামলী শাহী মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তার কফিন লক্ষ্মীপুর গ্রামের বাড়ীতে নেয়া হয়েছে। সেখানে তার দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়েছে।

ঢাকায় মরহুমের নামাজে জানাজায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা দেলাওয়ার হোসাইন, ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য ও মোহাম্মদপুর থানা আমির ডা. শফিউর রহমান, আদাবর থানা আমির আব্দুল হান্নান ও মোহাম্মদপুর পূর্ব থানার সেক্রেটারি সৈয়দ মঞ্জুর হোসেন প্রমূখ।

শোকবাণী
মাওলানা রফিক আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন।

এক শোকবাণীতে মহানগরী উত্তর আমির বলেন, মরহুম মাওলানা রফিক আহমদ একজন ইসলামী আন্দোলনের অগ্রসৈনিক ছিলেন। তিনি আজীবন দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে নিরলসভাবে কাজ করে গেছেন এবং ইসলামী আদর্শের ভিত্তিতে ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে গণমানুষের মুক্তির স্বপ্ন দেখতেন। তার মৃত্যুতে আমরা একজন নিবেদিত প্রাণ আলেমে দ্বীনকে হারিয়েছি।

মহানগরী আমির মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি স্বজনদের ধৈর্যধারণের তাওফিকও কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি

এমবি