ফিলিস্তিনে ইসরায়েল যে নারকীয় তাণ্ডব চালাচ্ছে তার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, গাজায় যে ভাবে নারী ও শিশুদের হত্যা করা হয়েছে তা মানবাধিকারের চরমলঙ্ঘন।
গাজায় নিরীহ মুসলামান নারী-পুরুষ ও শিশুদের ওপর ইসরায়েলের নারকীয় হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে জাতীয় সংসদে আনা প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
মঙ্গলবার সরকারি দলের শেখ ফজলুল করিম সেলিম কার্য প্রণালী বিধির ১৪৭ বিধিতে আনা প্রস্তাবের ওপর সাধারণ আলোচনার পর সর্বসম্মতভাবে এ নিন্দা প্রস্তাব গ্রহণ করা হয়। প্রস্তাবে এ ধরনের হত্যাকাণ্ড বন্ধ এবং গণহত্যার জন্য ইসরাইলের দায়ীদের বিচার দাবি করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবি জানানো হয়।
প্রধানমন্ত্রী স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইসরায়েল যে অন্যায় করেছে তার বিচার হওয়া উচিৎ।
তিনি আরো বলেন, ইসরায়েলকে ফিলিস্তিনিদের জায়গা ফিরিয়ে দিতে হবে। যারা ইসরায়েলকে সমর্থন করেছেন তাদের সেই সমর্থন প্রত্যাহার করা উচিৎ। যারা অন্যায় করেছেন তাদেরও শাস্তি দাবি করেন তিনি।
শেখ হাসিনা আরো বলেছেন, ইসরায়েল অনৈতিকভাবে, অন্যায় ভাবে হামলা করছে। নারী শিশুদের হত্যা করা হচ্ছে। এটা চরম ভাবে মানবাধিকার লঙ্ঘন। আমি জানিনা বিশ্ব বিবেক কি করছে। কেন তারা এর জোরালো প্রতিবাদ করছেন না।
প্রধানমন্ত্রী প্রশ্ন তোলেন, শিশু এবং নারীরা কি অপরাধ করেছেন। কেন তাদের হত্যা করা হচ্ছে। ১৯৬৫ সাল থেকে ফিলিস্তিনে ইসরায়েল জোর করে বসতি স্থাপনের চেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, গাজা ফিলিস্তিনি মুসলমানদের জায়গা। ওখানে কোন ভাবেই ইসরায়েল বসতি স্থাপন করতে পাওে না। তিনি এর একটি স্থায়ী সমাধান চান। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রগঠনে বাংলাদেশ সর্বপ্রকার সহায়তা দেবে বলেও তিনি আশ্বাস দেন।
প্রধানমন্ত্রী এ সময় ইসরায়েলের হামলায় আহত নিহত শিশু ও নারীদের করুণ চিত্র তুলে ধরেন সংসদে। তিনি বলেন, ইয়াসির আরাফাতের সঙ্গে তার পরিবারের ব্যক্তিগত পর্যায়ে সম্পর্ক ছিল। শুধু সেই সূত্র ধরেই নয় সরকারে থেকে তিনি ফিলিস্তিনিদের সহায়তা করতে চান।
প্রধানমন্ত্রী বলেন, সামান্য একটি ঘটনাকে কেন্দ্র ৮ জুলাই থেকে প্রায় ৮ সপ্তাহ ইসরাইল ফিলিস্তিনিদের ওপর হামলা চালাচ্ছে। এপর্যন্ত ৫২২৬ বার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ২১০৪ জন গাজা বাসীকে হত্যা করেছে।
প্রধানমন্ত্রী বলেন, এই বিষয়ে জাতিসংঘকে জোরালো ভূমিকা নিতে হবে। ইসরায়েল যে সব ভূমি দখল করে রেখেছে তা তাদের ছেড়ে দিতে হবে। তিনি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করার দাবি জানান। এজন্য মুসলিম উম্মাকে এগিয়ে আসারও আহ্বান জানান।
তিনি আরও বলেন, হামাস কি করেছে না করেছে সেই বিষয়ে আমার কোন বক্তব্য নেই। তবে ইসরায়েল যে ভাবে নারী শিশুদের হত্যা করছে তা মানা যায়না। বিশ্ব বিবেক এখানে চুপ করে থাকতে পাওে না। তিনি বলেন, সর্বান্তকরণে ফিলিস্তিনিদের পাশে আছে বাংলাদেশ। তিনি এই নারকীয় হত্যার জন্য ইসরায়েলের প্রতি তীব্র ঘৃণা জানান।
ঢাকা, ২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





