হরতালসহ টানা অবরোধে গাইবান্ধায় ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এসময় দুই যুবককে আটক করেছে পুলিশ। এছাড়া জেলার পলাশবাড়ী উপজেলায় ১৪ দলের সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে।

রোববার সকাল থেকে জেলার পলাশবাড়ী, সাদুল্যাপুর, গোবিন্দগঞ্জ ও সুন্দরগঞ্জ উপজেলায় এসব ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গাইবান্ধা পলাশবাড়ী সড়কের ঠুটিয়াপাকুর এলাকায় গাছের ডাল ফেলে সড়ক অবরোধ করে অবরোধকারীরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে অবরোধকারীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে তারা সটকে পড়ে।

এছাড়া ১৪ দলের জনসভাকে কেন্দ্র করে উপজেলা সদরে আসার ছোট-বড় সড়কের কাশিয়াবাড়ী, মেরীরহাট, আমলাগাছীসহ বিভিন্ন এলাকায় বেরিকেড দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেন পলাশবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি তৌহিদুল ইসলাম মণ্ডল।

২০ দল ও ১৪ দলের পাল্টা-পাল্টি কর্মসূচির কারণে পলাশবাড়ীতে ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে সর্বত্র এ খবর ছড়িয়ে বেড়াচ্ছে ২০ দলের নেতাকর্মীরা। ১৪ দলের জনসভা পণ্ড করার লক্ষ্যে তারা এ খবর ছড়িয়ে বেড়াচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

এ ব্যাপারে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম জানান, পলাশবাড়ীতে স্বাস্থ্যমন্ত্রীর প্রোগ্রাম রয়েছে ১৪৪ ধারা জারির প্রশ্নই ওঠে না।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, উপজেলায় ১৪ ও ২০ দলের পাল্টা-পাল্টি কর্মসূচি থাকলেও যে কোনো সহিংসতা-নাশকতা এড়াতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
জেআই