ভূমিকম্পে নওগাঁয় দুটি স্কুলসহ ৭টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনায় এক স্কুল ছাত্র আহত হয়েছে। শনিবার দুপুর ১২টা পনের মিনিটে শুরু হওয়া ভূমিকম্পে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করে। এ সময় ঘর-বাড়ি, স্কুল-কলেজ, মার্কেটের মধ্যে থাকা মানুষ রাস্তায় চলে আসে। পুকুর, নদী-নালার পানি ফুলে ওঠে।
জানা গেছে, ভূমিকম্পে রাণীনগর উপজেলার মধুপুর উচ্চ বিদ্যালয়, নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়, শহরের গোস্তহাটির মোড় এলাকার দুবলহাটি রোডে চিস্তিয়া মানি একচেঞ্জের সত্বাধিকারী আজাদের নির্মাণাধীন বহুতল ভবন, আকতার ও আফজালের বাস ভবন, মেসার্স হাজী স্টোরের সত্বাধিকারী এরশাদুল হকের বহুতল ভবন, নওগাঁ মিষ্টান্ন ভান্ডারের সত্বাধিকারী শামসুল হকের বাসা ফাটল দেখা দিয়েছে।
সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা জানান, উপজেলার আল হেলাল ইসলামী একাডেমী স্কুলের চারতালা থেকে তড়িঘড়ি করে নামতে গিয়ে ৭ম শ্রেণির ছাত্র ফয়সাল মাহমুদ হুমড়ি খেয়ে পড়ে যায়। এতে মাথায় আঘাত পেয়ে অসুস্থ্য হয় সে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল ইসলাম পাটোয়ারি জানান, মধুপুর উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে এ সময় আতঙ্ক দেখা দেয়া। শিক্ষার্থীদের ধাক্কাধাক্কিতে প্রায় ২০ জন শিক্ষার্থী সামান্য আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
নওগাঁ পৌর মেয়র নজমুল হক সনি জানান, ভূমিকম্পে শহরের গোস্তহাটি মোড়ে ওই ভবনগুলোতে ফাটল দেখা দিয়েছে। বিষয়টি ক্ষতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেলা প্রশাসক এনামুল হক জানান, শনিবার ১২টা ১৫ মিনিট থেকে শুরু হয়ে ৩ মিনিট স্থায়ী হয় এই ভূমিকম্প। ঘটনার পরই জেলার ১১টি উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করা হয়েছে। তবে বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটার সংবাদ জানা যায়নি।
জেআই





