সাভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শাহজাহান আলী খান (৬৩) নামের পেট্রোবাংলার এক ইলেকট্রিশিয়ান নিহত হয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহতের পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার বিকালে শাহজাহান ও তার ছেলে মিঠুনসহ সাভারের উলাইল বাজারে কোরবানির গরু কিনতে যান। দাম বেশি হওয়ায় গরু না কিনে বাড়ি ফেরার জন্য রিকশাযোগে রওনা দেন। রাত সাড়ে ১২টায় বাড়ির পাশে শিমুলতলা এলাকায় পৌঁছলে ৫/৬ জনের মুখোশ পরা একদল ছিনতাইকারী তাদের গতিরোধ করে। এ সময় বাধা দিলে ছিনতাইকারীরা শাহজাহান আলীর পেটে ছুরিকাঘাত করে তাদের সঙ্গে থাকা এক লাখ টাকা ও ছয়টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ওইদিনই সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাভার থানার অফিসার ইন চার্জ (ওসি) মোস্তফা কামাল বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া কয়েকজন সন্দেহভাজন আসামিকে আটক করার চেষ্টা চলছে বলে তিনি জানান।
কেএইচ





