নড়াইলের কালিয়া উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার সেকেন্দার আলী ওরফে সেকেন নিহত হয়েছে। এ সময় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

উপজেলার বড়নাল-ইলিয়াসাবাদ ইউনিয়নের বিজয়নগর কমিউনিটি ক্লিনিকের পাশে মেহগনি বাগানে বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ দাবি করেছে, এ সময় তাদের তিনজন সদস্য আহত হয়েছেন।

কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিয়ার রহমান জানান, ওইদিন রাত দেড়টার দিকে সেকেনের স্বীকারোক্তিতে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে বের হয় পুলিশ। ওই ইউনিয়নের বিজয়নগর কমিউনিটি ক্লিনিকের পাশের মেহগনি বাগানে উদ্ধার অভিযান শেষে তার সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে সেকেন গুলিবিদ্ধ হন।

তিনি জানান, এ সময় তিন পুলিশ সদস্য এসআই নজরুল, কনষ্টেবল টিপু ও আশরাফুল হয়। সেকেনসহ তাদেরকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সেকেনকে মৃত ঘোষণা করেন।

মতিয়ার রহমান জানান, মেহগনি বাগান থেকে একটি শাটারগান, একটি পাইপগান, পাঁচ রাউন্ড শাটারগানের গুলি, দুই রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়।

এর আগে কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের হরিষপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে সেকেন্দারকে বুধবার সন্ধ্যা ৬টার দিকে পুলিশ গ্রেফতার করে। তার বিরুদ্ধে কালিয়া, নড়াগাতী, তেরখাদাসহ বিভিন্ন থানায় হত্যা ও অস্ত্র আইনের একাধিক মামলা রয়েছে।

কালিয়া থানার একটি অস্ত্র মামলায় ১০ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি ছিল সেকেন। জেলা বিশেষ শাখার এক নম্বর তালিকাভূক্ত সন্ত্রাসী বলে জানান মতিয়ার রহমান।

ঢাকা, ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ