সুনামগঞ্জের দিরাই উপজেলার কালিয়াকুটা হাওরে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় আরো চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় এ নিয়ে মোট আটজনের লাশ উদ্ধার করা হলো। এখনও দুজন নিখোঁজ রয়েছে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নজরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, এর আগে গতকাল রাত সাড়ে ৯টা পর্যন্ত নৌকার যাত্রী চার শিশুর লাশ উদ্ধার করা হয়। পরে আরো চারজনের লাশ উদ্ধার করা হয়। তবে বুধবার সকাল নাগাদ উদ্ধার হওয়া চারজনের নাম-পরিচয় জানা যায়নি।

নিহত শিশুরা হলো দিরাইয়ের রফিনগর ইউনিয়নের মাছিমপুর গ্রামের বাবুলের ছেলে শামীম (২), বদরুলের প্রতিবন্ধী ছেলে আবির (৩), চরনারচর ইউনিয়নের নোয়ারচর গ্রামের আফজালের ছেলে সোহান (২) ও পেরুয়া গ্রামের ফিরোজ আলীর ছেলে আজম (২)।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, ইঞ্জিনচালিত একটি নৌকা দিরাইয়ের রফিনগর ইউনিয়নের মাছিমপুর গ্রাম থেকে চরনারচর ইউনিয়নের পেরুয়া গ্রামে যাচ্ছিল।

নৌকায় নারী-পুরুষ ও শিশুসহ ৩১ জন যাত্রী ছিল। পথে কালিয়াকুটা হাওরের আইনুল বিলে নৌকাটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন যাত্রীদের উদ্ধারের চেষ্টা চালায়।

এমআর