নিখোঁজ হওয়া গাজীপুর সিটি করপোরেশনের সংরক্ষিত ১নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পারভীন আক্তারকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত পৌনে নয়টায় হবিগঞ্জের নবিগঞ্জ উপজেলার আউচকান্দি থেকে তাকে উদ্ধার করা হয়।

নবীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ জানান, পারভীনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, গাজীপুর থেকে একটি দল হবিগঞ্জের উদ্দেশে রওনা হয়েছে। পারভীনকে উদ্ধার করে গাজীপুরে আনা হলে প্রকৃত ঘটনা জানা যাবে।

গত শুক্রবার সকালে গাজীপুর মহানগরের কাশিমপুরের দক্ষিণ পানিশাইল এলাকার বাসা থেকে সালিশের কথা বলে বের হয়ে নিখোঁজ হন গাজীপুর সিটি কর্পোরেশনের সংরক্ষিত ১ (১, ২ ও ৩) নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পারভীন আক্তার। এ সময় তিনি মুঠোফোন বাসায় রেখে যান। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়ি ফেরেন নি তিনি। খোঁজাখুঁজির একপর্যায়ে শুক্রবার রাতে এ ব্যাপারে তার স্বামী মিনহাজুল ইসলাম বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

ঢাকা, ১৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই