সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ভৈরবনগর এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক সাইকেল আরোহীসহ ২০ জন আহত হয়েছেন। সোমবার দুপুর আড়াইটার দিকে পাটকেলঘাটা থানার ভৈরবনগর সংলগ্ন এলাকার একটি জলাবদ্ধ খাদে বাসটি পড়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বাসটি খুলনা থেকে সাতক্ষীরা আসার পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রবি নামের এক বাইসাইকেল আরোহীকে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এতে ওই সাইকেল আরোহীসহ ২০ জন আহত হন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন-উর-রশীদ বলেন, আহতদের মধ্যে ৭-৮ জনকে সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তবে আহতদের নাম তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ঢাকা, ২৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





