আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক ও পরিবহণ যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,যারা চাঁদাবাজদের প্রশ্রয় দিচ্ছেনএবং স্কুলের নৈশ্য প্রহরী ও পুলিশ নিয়োগে যারা টাকা খায় তারা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাবেন না।
মঙ্গলবার বিকাল ৩টায় ঠাকুরগাঁও জেলা পরিষদ মিলনায়তন চত্বরে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে হুঁশিয়ারী উচ্চারণ করে কাদের আরো বলেন,যারা গরীব মানুষের টাকা মেরে খায় তারা আওয়ামী লীগের নেতা হতে পারে না।
জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আ’লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক এমপি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি, আ’লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি সহ স্থানীয় নেতৃবৃন্দ।
ওবায়দুল কাদের বলেন,বিএনপি নিবন্ধিত রাজনৈতিক দল। নির্বাচন করার এ দলের অধিকার রয়েছে। নির্বাচন করা কারো দয়া দক্ষিণা অথবা সুযোগ নয়,এটি সাংবিধানিক ও গণতান্ত্রিক এবং রাজনৈতিক অধিকার।
বিএনপির আন্দোলন বিষয়ে তিনি বলেন,বেগম খালেদা জিয়ার ভ্যানিটি ব্যাগে করে বিএনপির আন্দোলন টেমস নদীর পাড়ে চলে গেছে। মানুষ বলে,এই বছর নয় ওই বছর,আন্দোলন হবে কোন বছর।
কাদের নেতাকর্মীদেরকে অসহায় মানুষের পাশে থাকার অনুরোধ করেন।
পরে তিনি দুস্থ অসহায় ৫ হাজার শীতার্তদের মাঝে কম্বল ও নগদ ১০ লাখ টাকা বিতরণ করেন। এর আগে মন্ত্রী উত্তরের জনপদ নীলফামারী,পঞ্চগড় জেলায় শীতবস্ত্র বিতরণ করেন।
পারভেজ/জারিফ





