রাজধানীর বাসাবোতে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় আব্দুল মজিদ (৬০) নামে এক অবসরপ্রাপ্ত রেল কর্মকর্তার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাতে ফুট ওভারব্রিজের নিচে এ দূর্ঘটনা ঘটে।

আব্দুল মজিদের সহকর্মী মোস্তফা দুলাল জানান, আব্দুল মজিদ তার সাবেক সহকর্মী হাবিবুর রহমানকে সঙ্গে নিয়ে কমলাপুর থেকে শাহজাহারপুর রেলওয়ে কলোনির বাসায় যাচ্ছিলেন।

রাত সাড়ে ১০টার দিকে বাসাবো ফুট ওভারব্রিজের নিচে একটি ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, ট্রেনের ইঞ্জিন ঘোরানোর সময় আব্দুল মজিদ ইঞ্জিনের ধাক্কায় পড়ে যান।

তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আব্দুল মজিদের বাড়ি ময়মনসিংহের ইশ্বরগঞ্জে। তিনি শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে বসবাস করতেন। আব্দুল মজিদ আব্দুল গনি রোডের রেল ভবনের অবসরপ্রাপ্ত উচ্চমান সহকারী।

এমকে