কুমিল্লার লাঙ্গলকোর্ট এলাকায় প্রচার লীগের কেন্দ্রীয় নেতা পরিচয় দিয়ে একটি জামে মসজিদের প্রায় ৩০ হাজার ইট লুটের অভিযোগ পাওয়া গেছে। লুণ্ঠিত ইট উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে মসজিদ কমিটির পক্ষ থেকে আবেদন করা করা হয়েছে।
অভিযোগে জানা গেছে, লাঙ্গলকোর্টের দায়েরকোর্ট ইউনিয়ন, শামির খিল গ্রামের ইব্রাহিম জামে মসজিদের নির্মাণ কাজের জন্য গত প্রায় দেড় বছর আগে ৩০ হাজার ইট ক্রয় করে মসজিদের মাঠে রাখা হয়। গত ৫ ফেব্রুয়ারি শুক্রবার মুজিবুর রহমান ওরফে বাদল নিজেকে প্রচারলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পরিচয়ে সন্ত্রাসীদের নিয়ে ইটগুলো নেওয়ার চেষ্টা করে। এসময় গ্রামবাসীর বাঁধার মুখে পড়ে সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পরে ২০ থেকে ২৫জন সন্ত্রাসীদের নিয়ে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ট্রাকযোগে ইট নিতে আসেন।
এরপর ইটের টাকা পাবেন বলে দাবি করে এবং ইট নিতে না পাড়লে পুরো গ্রাম জ্বালিয়ে দেয়ার হুমকি দেয়। এসময় তিনি নিজেকে প্রধানমন্ত্রীর লোক বলে পরিচয় দিয়ে স্থানীদের বিভিন্ন প্রকার হুমকি দেয়।একপর্যায়ে গ্রামের লোকজনকে জিম্মি করে ইটগুলো কয়েকটি ট্রাকযোগে নিয়ে যায়।
বাদল দাবি করেন, মসজিদ কমিটির কাছে তিনি ইটের টাকা পাবেন। তাই ইটগুলো অন্যত্র বিক্রি করে দিয়েছেন।
মসজিদের ইমাম হাফেজ মো: রফিকুল ইসলাম বলেন, গত দেড় বছর আগে চৌধুরী ব্রিকস ফ্লিড থেকে মসজিদের ইটগুলো মসজিদ কমিটির সদস্য ক্রয় করেন। এরপর ইটগুলো মসজিদের বাউন্ডারীতে ইটগুলো রাখা হয়। ইটের দামগুলোও পরিশোধ করা হয়েছে। সরকার দলের পরিচয়ে মুজিবুর রহমান সন্ত্রাসীদের সহযোগিতায় তা লুট করা হয়েছে।
মসজিদ কমিটির সদস্য লোকমান শাহ জানান, ইটের পুরো টাকা পরিশোধ করা হয়েছে। গায়ের জোরে সন্ত্রাসীদের সহযোগিতায় ইটগুলো নিয়ে অন্যত্র বিক্রি করেছেন।
এ ব্যাপারে ইব্রাহিম মসজিদ কমিটির সদস্য ক্বারী মোহাম্মদ লোকমান-শাহ গত ৯ ফেব্রুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লুণ্ঠিত ইট উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে আবেদন করেছেন বলে জানা গেছে।
এমএম





