মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া এলাকার চার নম্বর পন্টুনের কাছে যাত্রীবাহী বাসের চাপায় এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম আব্দুল অদুদ (২৫) বলে জানা যায়।
বুধবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল অদুদ খুলনা জেলার দুবুরিয়া থানার ঘোছরা গ্রামের আব্দুস সামাদের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে ঢাকাগামী একটি বাস চার নম্বর ঘাটের পন্টুন থেকে নামছিল। এসময় অদুদ ওই বাসে ওঠার চেষ্টা করলে হাত ফসকে নিচে পড়ে যান। এতে বাসের চাপায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
বিষয়টি নিশ্চিত করে বরংগাইল হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে। পরে আইনগত প্রক্রিয়া শেষে মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ঢাকা, ৯ জুলাই, (টাইমনিউজবিডি.কম)//এসএইচ





