সাতক্ষীরায় অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় এক সাংবাদিককে পিটিয়ে গুরুতর আহত করছে বাঁশদহ ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেনসহ তার সহযোগীরা।
রবিবার (১ জানুয়ারি) রাতে সদর উপজেলার বাঁশদহ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সাংবাদিকের নাম জুলফিকার আলী। তিনি সদর উপজেলার বাঁশদহ গ্রামের রাহাতুল্লাহ সরদারের ছেলে ও সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার বাঁশদহ প্রতিনিধি।
আহত সাংবাদিকের বাবা রাহাতুল্লাহ জানান, রবিবার রাতে ইউপি চেয়ারম্যানের ভাই মেম্বর শহিদুল ইসলাম সরকারি ত্রাণের কম্বল গোপনে বিতরণ করছিলেন। সাংবাদিক জুলফিকার রাতে কম্বল দেওয়ার বিষয়টি শহিদুল মেম্বরের কাছে জানতে চান। এ সময় ইউপি চেয়ারম্যান মোশারফ তার ভাইয়ের কাছ থেকে ফোনটি কেড়ে নিয়ে সাংবাদিক জুলফিকারকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে ইউপি চেয়ারম্যান মোশাররফ, তার ভাই মেম্বর শহীদুলসহ ৮-১০ জন সন্ত্রাসী জুলফিকারকে তার বাড়ির সামনে পেয়ে মারপিট শুরু করে। এ সময় তার হাতের নখ তুলে নেয় তারা।
আহত সাংবাদিক জুলফিকার আলী বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সে (সাংবাদিক জুলফিকার) আমার চাচাতো ভাই। তার সাথে আমাদের জমিজমা নিয়ে বিরোধ আছে। যে কারণে বাড়ির লোকজনের সাথে সামান্য বিরোধ হয়েছে।’
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন মোল্লা জানান, সোমবার দুপুর পর্যন্ত এ বিষয়ে কেউ কোনো অভিযোগ পাননি। তবে অভিযোগ পেলে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
এমই





