প্রবল বর্ষণ, জ্বলোচ্ছাস ও ভয়াবহ বন্যায় দেশের উত্তরাঞ্চল, পূর্বাঞ্চল, উপকূলীয় ও নিম্নাঞ্চলসহ বিভিন্ন এলাকার নিরীহ জনতা মানবেতর জীবনযাপন করছে, এহেন দূর্যোগপূর্ণ পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো সকলের নৈতিক ও ঈমানী দায়িত্ব।

সোমবার এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ মসজিদ মিশনের সভাপতি অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন ও সেক্রেটারী জেনারেল ড. মাওলানা খলিলুর রহমান মাদানী বলেন, বিত্তবান ও সামর্থবানদের প্রতি আমাদের নিবেদন, প্রত্যেকেই সাধ্যমত অসহায় দুর্গতদের সাহায্যে মসজিদ মিশনের সমাজ কল্যাণ তহবিলে দান করুন। আপনার দান হতে পারে সহায় সম্বলহীন বানভাসী মানুষের দু'বেলার খাবার, পরনের বস্ত্র, অথবা মাথা গোঁজার ঠাই।

নেতৃবৃন্দ আরো বলেন, আমরা কি বানভাসী দুর্গত মানুষের সাহায্যে এগিয়ে আসবোনা? রাসূল (সা.) ঘোষণা দিয়েছেন “সবচেয়ে উত্তম মানুষ তিনিই যিনি মানুষের কল্যাণে কাজ করে”। (হাদীস শরীফ) তাই আসুন! সকলে মিলে মসজিদ মিশনের আহবানে সাড়া দিয়ে বানভাসী দুর্গত জনগোষ্ঠির সহযোগিতায় ঝাপিয়ে পড়ি।

মসজিদ মিশনের সকল স্তরের দায়িত্বশীল ও ইমাম সাহেবদেরকে অনুরোধ করছি প্রত্যেকেই স্ব-স্ব এলাকায় ত্রাণ সংগ্রহ করে বন্যা কবলিত দুর্গতদের মাঝে তা বিতরণ করার উদ্যোগ গ্রহণ করুন। মসজিদ মিশনের কেন্দ্রীয় সমাজ কল্যাণে আপনার সহযোগিতা কামনা করছি।

এমআইএস/ইআর