নসিমন, করিমন, ভটভটি বন্ধের দাবিতে আজ বুধবার ভোর ছয়টা থেকে শুরু হওয়া অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বিভাগীয় কমিশনার হেলালুদ্দিন আহমদের কাছ থেকে এসব যান চলাচল বন্ধের আশ্বাস পেয়ে আজ বেলা সাড়ে ১১টায় রাজশাহী জেলা বাস ট্রাক মালিক শ্রমিক ঐক্য পরিষদ ধর্মঘট প্রত্যাহার করে নেয়।

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক আনোয়ার পারভেজ জানান, আজ সকালে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে আগামীকাল থেকে রাজশাহীতে কোনো অবৈধ যানবাহন চলবে না। নসিমন, করিমন, ভটভটিসহ সব ধরনের অবৈধ যানবাহন রাস্তায় বের হলে আটক করা হবে। এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বিকেলে রাজশাহী নগরের শিরোইল এলাকায় বিক্ষোভ মিছিল করে এক সমাবেশে জেলা বাস ট্রাক মালিক শ্রমিক ঐক্য পরিষদ এই ধর্মঘটের ঘোষণা  দিয়েছিল।

গতকাল জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, গত ৯ জুন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে অবৈধ যানবাহন চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু কয়েকদিন পরই আবারও মহাসড়কগুলোতে এসব অবৈধ যানবাহন চলাচল শুরু করেছে।

ঢাকা, ৯ জুলাই, (টাইমনিউজবিডি.কম)//এসএইচ