বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত উজ্জ্বল খরাতী (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার ভোর ৪টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উজ্জ্বল উপজেলার কবাই ইউনিয়নের লক্ষ্মীপাশা গ্রামের উত্তম কুমার খরাতীর ছেলে। তিনি এবার কবাই ইসলামিয়া ডিগ্রি কলেজের বাণিজ্য বিভাগ থেকে এইসএসসি পরীক্ষা দিয়েছেন।

নিহতের বাবা জানান, ২৩ জুলাই বিকালেলক্ষ্মীপাশা মাধ্যমিক স্কুল মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে উজ্জ্বলের সঙ্গে একই গ্রামের বশির সর্দারের ছেলে সাইফুল ইসলাম মুন্নার বাকবিতণ্ডা হয়। ওই দিন সন্ধ্যা সোয়া ৭টার দিকে উজ্জ্বল লক্ষ্মীপাশা বাজারে ওষুধ আনতে যাওয়ার পথে পেছন থেকে সাইফুল তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। গুরুতর অবস্থায় উজ্জ্বকে উদ্ধার করে প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

স্বজনদের বরাত দিয়ে সাত নম্বর কবাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম সবুজ জানান, উজ্জ্বলের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করা হচ্ছে।

হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, পুলিশ সকাল ১০টার দিকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বাকেরগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, বিষয়টি তারা শুনেছেন। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কেএইচ