নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকায় নূর মসজিদের খাদেমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।
মঙ্গলবার (২৪ মে) দিনগত রাত সাড়ে ৩টায় ওই হামলার শিকার ক্বারি মোহাম্মদ ইব্রাহিম (৪৩) প্রায় ২২ বছর দরে ওই মসজিদের খাদেম হিসেবে কর্মরত। তার বাড়ি সোনারগাঁও উপজেলায়।
ইব্রাহিম জানান, রাতে তিনি ঘুমানোর প্রস্তুতি নেওয়ার সময়ে তিনজন অপরিচিত যুবক ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই আমার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কোপাতে থাকে। তখন আমি চিৎকার করলে মসজিদের বাইরে থাকা নৈশপ্রহরী এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
ইব্রাহিম আরও জানান, তার এমন কোনো শত্রু নেই যে তাকে এভাবে মারধর কিংবা ধারালো অস্ত্র দিয়ে কোপাবে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার সেকেন্ড অফিসার (এসআই) শফিকুর রহমান জানান, তারা ঘটনাটি শুনেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ওএফ





