সুন্দরবনের কচিখালীর বলেশ্বর এলাকায় দস্যুদের গুলিতে ইসমাইল হোসেন (৩২) নামে এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জেলে।
নিহত জেলে ইসমাইল হোসেন পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের রুপদোন গ্রামের আজগর আলীর ছেলে।
শনিবার দুপুর ১২টার দিকে আহতদের উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- নাসির, নজরুল ইসলাম, ইসমাইল হোসেন ও রিয়াজ উদ্দিন। এদের সবার বাড়ি পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের রুপদোন গ্রামে।
দস্যুদের হামলা থেকে ফিরে আসা জেলে নাসির উদ্দিন জানান, শুক্রবার রাত ৯টার দিকে সুন্দরবনের কচিখালীর বল্বেশর আইনের আটবাম এলাকায় মাছ ধরার জন্য জাল টানছিল। এমন সময় পেছন থেকে ১৫-২০ জনের সশস্ত্র দস্যু বাহিনী তাদের জেলে বহরে হামলা চালায়। তারা চিৎকার দিলে দস্যুরা প্রথম ফাঁকা গুলি করে।
এর কিছুক্ষণ পর তাদের ট্রলারের কাছাকাছি এসে তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে ইসমাইল নামে এক জেলের বুকে গুলি লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ট্রলারে উঠে ওই দস্যু বাহিনী নিহত ইসমাইলকে মারধর করে। এ সময় সহযোগিরা চিৎকার দিলে ৪জন জেলেকে পিটিয়ে গুরুতর আহত করে।
তিনি আরও জানান, ইসমাইল নিহত হওয়ার পর কান্নাকাটি করলে ওই ট্রলারের মাঝি রিয়াজ হোসেনকে অপহরণ করে নিয়ে যায় এবং ট্রলারের মাছ জাল, রসদ সামগ্রী ও তাদের সঙ্গে থাকা মোবাইল ফোন নিয়ে যায়।
শনিবার দুপুর ১২টার দিকে সহযোগী জেলেরা ইসমাইলের মরদেহ নিয়ে পাথরঘাটা লঞ্চ টার্মিনালে আসে।
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. এসএ রউফ বলেন, জেলের মৃতদেহটি দেখেছি। আহতদের দ্রুত পাথরঘাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউল হক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
এমই





