দুর্বৃত্তদের হামলায় আহত যুবলীগ কর্মী মোস্তাফিজ রহমান মঞ্জু (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রোববার রাতে আব্দুল মালেক উকিল মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
নোয়াখালীর কবিরহাট উপজেলার পদুয়া গ্রামের নূর নবীর ছেলে মোস্তাফিজ ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২৮ জুলাই যুবলীগ কর্মী মঞ্জুকে গুরুত্বর জখম ও অচেতন অবস্থায় তার বাড়ির পাশে ফেলে যায় দুর্বৃত্তরা। পুলিশ মঞ্জুকে উদ্ধার করে আব্দুল মালেক উকিল মেডিক্যাল কলেজ (নোয়াখালী মেডিক্যাল) হাসপাতালে ভর্তি করে। ১৩ দিন পর রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ সোমবার সকালে ময়নাতদন্তের জন্য আব্দুল মালেক উকিল মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
হামলার ঘটনায় নিহতের মা বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ ও অজ্ঞাত একাধিক ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেছেন।
ঢাকা, ১১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





