রাজধানীর কমলাপুরে ট্রেনের সঙ্গে কাভার্ড ভ্যানের ধাক্কায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আনসার সদস্যসহ ১২ জন আহত হয়েছেন।
ঘটনাস্থলে ২ জন এবং ঢাকা মেডিকেলে নেয়ার পরে আরো একজনের মৃত্যু হয়েছে। বাকিদের তথ্য এখনো জানাযায়নি। নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।
সোমবার দুপুরে সাড়ে ১২টার দিকে কমলাপুরের কনটেইনার ডিপোতে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ট্রেনটি ঢাকা-নারায়ণগঞ্জ রুটের। দুর্ঘটনার সময় নারায়ণগঞ্জ থেকে ট্রেনটি ঢাকা'র কমলাপুর রেল স্টেশনে আসছিল।
এ ঘটনায় আহত ঢামেক হাসপাতালে চিকিৎসাধীনরা হলেন- বাবুল (৩০), নাসির (২৫), মোস্তফা প্রধান (২৫), আলমগীর (৫০), মুজিবুর রহমান (৫০), অজ্ঞাত নারী (৩০), বিল্লাল (২৫), জিন্না (৩৫), কালাম (২৭), জাবেদ (৪৫) ও হারুণ (৪০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, কমলাপুরের কনটেইনার ডিপোর আইসিডি থেকে এনএস কার্গো সার্ভিসের একটি কাভার্ড ভ্যান বের হচ্ছিল। এ সময় নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী চলন্ত ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।
ঘটনার পর পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক।
ঘটনাস্থলে উপস্থিত রেলওয়ে রেঞ্জের ডিআইজি মল্লিক ফখরুল ইসলাম জানান, এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে দু’জনের মৃতদেহ উদ্ধার করেছি। এছাড়া ৮-১০ জন গুরুতর আহত হয়েছেন। তাদের ঢামেক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
আইসিডির ভেতর থেকে কাভার্ড ভ্যান বের হওয়ার সময় কোনো সিগন্যাল ছিলনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে।
ট্রেনটি সরিয়ে রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে বলেও জানান ডিআইজি।

এএইচ





