ভোলায় সদর উপজেলায় নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকে নেমে বাড়ির মালিক আব্দুল মালেক (৪৮) ও রাজমিস্ত্রি মো: জসিম (৩৬) নামের দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুইজন।

শনিবার (০৫ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে জেলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পন্ডিতেরহাট এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত বাড়ির মালিক আব্দুল মালেক পূর্ব ইলিশা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পন্ডিতেরহাট এলাকায় তজুউদ্দিন বেপারীর ছেলে ও রাজমিস্ত্রি মো: জসিম একই এলাকার কালু মাঝির ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পন্ডিতেরহাট এলাকায় আব্দল মালেকের নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকের সেন্টারিংয়ের কাজ করতে নামেন রাজমিস্ত্রি জসিম। এ সময় বিষাক্ত গ্যাসে তিনি আক্রান্ত হন। তাকে উদ্ধার করতে বাড়ির মালিক আ: মালেক ভেতরে নামেন। তিনিও সেখানে গ্যাসে আক্রান্ত হন। পরে ওই দুজনকে উদ্ধার করতে পাশের বাড়ির মো: শাহবুদ্দিন ও মো: কবির ভেতরে প্রবেশ করেন।

তারাও বিষাক্ত গ্যাসে গুরুতর অসুস্থ হয়ে পরলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আ: মালেক ও মো: জসিমকে মৃত ঘোষণা করেন। মো: শাহবুদ্দিন ও মো: কবির হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

কামরুজ্জামান/এমবি