নাটোরের বড়াইগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক খাদে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও  দু'জন।

বৃহস্পতিবার (০৬ জুলাই) বিকাল তিনটার দিকে নাটোর-পাবনা মহাসড়কের কয়েন এলাকার সাদিয়া ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট শাহাদাৎ হোসেন জানান, বৃহস্পতিবার বিকালে বনপাড়ায় বালু নামিয়ে পাবনা ফেরার পথে কয়েন এলাকায় খালি ট্রাকটি (কুষ্টিয়া ট ১১-০১৭৪) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

এতে ট্রাকের যাত্রী বালু শ্রমিক পাবনা সদর উপজেলার নাজিরপুর হাটপাড়ার হাবিবুর রহমানের ছেলে হাফিজুর রহমান (২৩), রফিকুল ইসলামের ছেলে আল মামুন (২২) এবং ইসলামপুর গ্রামের আস্তব আলীর ছেলে আল আমিন (২০) ঘটনাস্থলেই নিহত হন।

এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপার আহত হয়েছেন। খবর পেয়ে নাটোর ও দয়ারামপুর থেকে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে ট্রাকের নিচ থেকে নিহত শ্রমিকদের লাশ উদ্ধার করে।

এমই