বরিশাল আদালতে অগ্মিসংযোগ মামলায় জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহিনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বুধবার বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের তারা আত্মসমর্পণ করলে বিচারক বেগম নুশারাত জাহান তাদের জেলে প্রেরণের নির্দেশ দেন।
এর আগে বিবাদিরা উচ্চাদালত থেকে আগাম জামিন নেন। আজ জামিনের মেয়াদ শেষ হলে তারা আদালতে আত্মসমর্পণ করেন।
আদালত সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৩ মার্চ রাত পৌনে ১০টার দিকে দুর্বৃত্তরা বরিশাল আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাস কক্ষসহ পাঁচটি কক্ষে আগুন ধরিয়ে দেয়। আগুনে এজলাস কক্ষের আসবাবপত্রসহ পাঁচটি কক্ষে থাকা গুরুত্বপূর্ণ তিন সহস্রাধিক মামলার নথিপত্র পুড়ে ছাই হয়ে যায়।
এ ঘটনায় নাশকতার অভিযোগ এনে ঘটনার পরের দিন বিকালে বরিশাল কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন।
মামলায় জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহিন, মহানগর সেচ্ছা সেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান পিন্টু, মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম আনিস, রফিকুল ইসলাম জনি ও সংশ্লিষ্ট ওয়ার্ড ছাত্রদল নেতা রাহাতসহ অজ্ঞাতনামা ২০ জনকে বিবাদি করা হয়।
কেএইচ





