দিনের পর দিন মাদকসেবীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এক প্রকার বাধ্য হয়েই সালথা উপজেলার ভাটপাড়া-কাঠালবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধের ঘোষণা দিয়েছেন প্রধান শিক্ষক। স্কুলটি বন্ধ থাকায় বিপাকে পড়েছে কয়েকশ’ শিক্ষার্থী। ফলে ছেলেমেয়েদের ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকরা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ফরিদপুরের সালথা ভাটপাড়া-কাঠালবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষে মাদক ব্যবসায়ী ও সেবীরা রাতের বেলায় আড্ডা জমাতো। বিষয়টি প্রথমে রাতে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে মাদকসেবীরা দিনের বেলাতেও স্কুলে আড্ডা দিতে থাকে। কোমলমতি শিক্ষার্থীদের সামনেই তারা মাদকসেবন করে। ফলে স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে স্কুলের শিক্ষক-ম্যানেজিং কমিটির সদস্যরা মাদকসেবীদের স্কুলের ভেতর আসতে নিষেধ করলেও তারা তা শুনছে না। এলাকার প্রভাবশালী মহলের সঙ্গে সখ্য থাকায় ভয়ে মাদকসেবীদের বাধা দিতে সাহস পাচ্ছে না বিদ্যালয় কর্তৃপক্ষ।
জানতে চাইলে স্কুলের পরিচালনা পর্ষদের সহ-সভাপতি নাছির উদ্দিনের শুক্রবার দ্য রিপোর্টকে বলেন, ‘এলাকার প্রভাবশালী কয়েক ব্যক্তির বখাটে ছেলে বেশ কিছুদিন ধরে স্কুলের ভেতর বসে মাদকদ্রব্য সেবন ও বেচাকেনা করে আসছে। তাদের নিষেধ করলেও তারা শুনছে না। সর্বশেষ মঙ্গলবার রাতে স্কুলের নাইটগার্ড মিরাজ শেখকে ভয়ভীতি দেখিয়ে রুমের চাবি নিয়ে স্কুলের শ্রেণীকক্ষে মাদকসেবনের আসর বসায়। গভীর রাত পর্যন্ত তারা সাউন্ড বক্স বাজিয়ে আনন্দ-উল্লাস ও মাদকসেবন করে। পরে বিক্ষুব্ধ এলাকাবাসীর প্রতিরোধের মুখে তারা স্কুল থেকে চলে যেতে বাধ্য হয়। এ নিয়ে মাদকসেবীদের সঙ্গে স্থানীয়দের উত্তেজনা দেখা দেয়। ফলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বৃহস্পতিবার কর্তৃপক্ষের সিদ্ধান্তে স্কুলটি সাময়িক বন্ধ ঘোষণা করা হয়।’
শনিবার থেকে স্কুল খোলা হবে কি না- জানতে চাইলে প্রধান শিক্ষক আবু বক্কর জানান, বৃহস্পতিবার থেকে স্কুলটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিদ্যালয় বন্ধ থাকবে। এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি জানানো হয়েছে বলেও জানান তিনি।
জানতে চাইলে শুক্রবার বিকেলে ইউএনও বিশ্বাস রাসেল হোসেন বলেন, ‘প্রধান শিক্ষকের মাধ্যমে বিষয়টি জেনেছি। তবে শুক্রবার সরকারি ছুটি থাকায় তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। অফিস খুললে স্কুল কমিটির সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করা হবে। কিছু খারাপ লোকের জন্য একটি বিদ্যালয় বন্ধ থাকতে পারে না। এ ব্যাপারে অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’
এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডিএম বেলায়েত হোসেন জানান, বিষয়টি তার জানা নেই। এ ব্যাপারে কেউ কোনো অভিযোগও করেনি। অভিযোগ পেলে মাদকসেবীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
ঢাকা, ৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ





