প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছন, আত্মবিশ্বাস নিয়ে মহামারি করোনাভাইরাস দুর্যোগ মোকাবিলা করতে হবে। শিক্ষার্থীদের নিরাপত্তায় ধাপে ধাপে খোলা হবে শিক্ষাপ্রতিষ্ঠান।
আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা ফলের অনুলিপি তুলে দেয়া হয়। সেখানে ফলের বিভিন্ন দিক তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সকাল ১১ টায় স্বয়ংক্রিয়ভাবে শিক্ষাবোর্ডের সার্ভার থেকে এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীদের ফল জানিয়ে দেয়া হচ্ছে।
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর সারাদেশে মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৫ হাজার ৮৯৮ শিক্ষার্থী। পাসের হার ৮২ দশমিক ৮৭ শতাংশ।
গতবছর ৮২ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল। জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন। গতবারের তুলনায় এবছর পাস ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে।
শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, ১৮ মে এই প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হয়। কিন্তু এতে তেমন একটা সাড়া মেলেনি। শুক্রবার বেলা ১টা ৫৮ মিনিট পর্যন্ত ১২ দিনে মাত্র ৫৫ শতাংশ প্রাক-নিবন্ধন হয়েছে। সারা দেশে মোট পরীক্ষার্থী ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন। কিন্তু ১১ লাখ ৩৩ হাজার ৩৩১টি মোবাইল নম্বর প্রাক-নিবন্ধন হয়েছে।
বোর্ডের কর্মকর্তারা বলছেন, একই রোলের বিপরীতে একাধিক মোবাইল ফোনের নিবন্ধন আছে। সেই হিসাবে মোট পরীক্ষার্থীর অর্ধেকও নিবন্ধন করেনি।
এএস





