সিরাজগঞ্জে বিএনপি ও জামায়াতের দেড় শতাধিক নেতাকর্মীকে আসামি করে মামলা করেছে পুলিশ।
শনিবার রাতে রামগাতিতে সিএনজিচালিত অটোরিকশায় পেট্রোল বোমা হামলায় পান ব্যবসায়ী নিহতের ঘটনায় এ মামলা করে পুলিশ।
মামলা বাদী হন সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) দুলাল হোসেন।
মামলায় জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর থানা বিএনপির সভাপতি মজিবুর রহমান লেবু, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, সাইদুর রহমান বাচ্চু, পৌর বিএনপির সভাপতি নাজমুল হাসান রানা, সাধারণ সম্পাদক মুন্সি আলম, জেলা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন রাজেশ, যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, জেলা যুবদলের সভাপতি আবু সাঈদ সুইট, জেলা শিবিরের সভাপতি মিজানুর রহমানসহ ১১৫ নেতাকর্মীর নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরো ২৫/৩০ জনকে আসামি করা হয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
শনিবার (৩১ জানুয়ারি) রাত ৯টায় সিরাজগঞ্জ-ঢাকা সড়কের রামগাতি অটোরিকশায় পেট্রোল বোমা হামলায় অগ্নিদগ্ধ হয়ে সিরাজগঞ্জ পৌর শহরের বানিয়াপট্টি এলাকার কুঞ্জু লালের ছেলে গণেশ দাস নিহত ও ৫ জন আহত হন।
এ ঘটনার পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করে পুলিশ।
এমকে





