আজ বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস। সাদাছড়ি বহনকারী দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিকে নিরাপদে পথ চলতে সাহায্য করার উদ্দেশ্যে সচেতনতা গড়ে তুলতে প্রতিবছর ১৫ অক্টোবর বিশ্ব সাদাছড়ি দিবস পালিত হয়।
এবছর দিবসটির স্লোগান হচ্ছে ‘অন্ধদের জন্য সড়কপথে নিরাপদ চলাচলের ব্যবস্থা নিশ্চিত করুন।’
১৯৬৪ সালে যুক্তরাষ্ট্রে প্রথম দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য এই দিবসটি পালন শুরু হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এই দিবসটি নানা কর্মসূচীর মাধ্যমে পালিত হবে।
এ উপলক্ষে সমাজসেবা অধিদফতর নিজস্ব মিলনায়তনে আলোচনা সভা, সাদাছড়ি বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।
বিশেষ অতিথি থাকবেন সমাজকল্যাণ সচিব মো. জিল্লুর রহমান। সভাপতিত্ব করবেন অধিদফতরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নূরুল কবির।
লায়নস ইন্টারন্যাশনালের হিসাবমতে, বিশ্বে ২৮ কোটি ৫০ লাখ মানুষ পুরোপুরি ও আংশিকভাবে চোখে দেখে না। এসব দৃষ্টিপ্রতিবন্ধীরা চলাচলের জন্য হাতে সাদাছড়ি ব্যবহার করে থাকে, যারা চোখে দেখে তারা যাতে তাদের চলাচলে সহযোগিতা করে।
এমএনজে





